Power Bank দিয়ে চার্জ করলে ফোনের ক্ষতি হয় কি?

Power Bank দিয়ে চার্জ করলে ফোনের ক্ষতি হয় কি?

ঘরের বাইরে কিংবা ভ্রমণের সময় ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে সবচেয়ে সহজ সমাধান হলো পাওয়ার ব্যাংক। ব্যস্ত জীবনে এটি এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে এখনও অনেকের মনে প্রশ্ন থাকে, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে কি ফোনের ব্যাটারির ক্ষতি হয়? কিংবা দীর্ঘদিন ব্যবহার করলে ফোনের পারফরম্যান্স বা নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়ে?

আসলে এ ধরনের ধারণার কতটা সত্য, আর কতটা প্রচলিত ভুল ধারণা? এই ব্লগে আমরা সহজভাবে জানব পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে ফোনের কোনো ক্ষতি হয় কি না। পাশাপাশি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব, যেগুলো মেনে চললে ফোনের ব্যাটারি ভালো রাখা আরও সহজ হবে।

পাওয়ার ব্যাংক বনাম ফোনের ব্যাটারি

সহজভাবে বললে, ভালো মানের, আসল এবং সার্টিফাইড পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ করলে ফোনের কোনো ক্ষতি হয় না। বর্তমানের স্মার্টফোন গুলোতে লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারির সঙ্গে একটি স্মার্ট চার্জিং কন্ট্রোলার থাকে, যা প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ করে। তাই ওয়াল চার্জার বা পাওয়ার ব্যাংক, যেটিই ব্যবহার করুন না কেন, ফোন প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে না।

তাহলে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করলে ফোন নষ্ট হওয়ার কথা কেন শোনা যায়? মূল সমস্যা পাওয়ার ব্যাংকে নয়। বরং নিম্নমানের পাওয়ার ব্যাংক, অনির্ভরযোগ্য চার্জিং ক্যাবল বা ভুল ব্যবহারের কারণেই ফোনের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়।

কোন ভুলগুলোর কারণে পাওয়ার ব্যাংক ফোনের ক্ষতি করতে পারে?

বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা শুরু হয় যখন আমরা নিম্নমানের বা নন-ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ব্যবহার করি, কিংবা চার্জ দেওয়ার সময় প্রয়োজনীয় কিছু বিষয় উপেক্ষা করি। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন কারণে পাওয়ার ব্যাংক ব্যবহার করার সময় আপনার ফোন ঝুঁকির মুখে পড়তে পারে।

১. Cheap & Counterfeit Power Banks

সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো কম দামের লোভে নন-ব্র্যান্ডের বা কপি পাওয়ার ব্যাংক কিনে ফেলা। এসব পাওয়ার ব্যাংকে সাধারণত ভালো মানের সার্কিট বা Smart IC থাকে না। অনেক ক্ষেত্রে এগুলোতে রিসাইকেলড বা পুরোনো ব্যাটারিও ব্যবহার করা হয়। ফলে ফোনে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। আর বারবার ভোল্টেজ ওঠানামা করলে ফোনের ব্যাটারির পাশাপাশি মাদারবোর্ডেরও দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

২. Voltage & Amperage Mismatch

প্রতিটি ফোনের একটি নির্দিষ্ট চার্জিং ইনপুট রেটিং থাকে যেমন: 5V/2A বা 9V/2A। আপনার পাওয়ার ব্যাংকের আউটপুট যদি ফোনের ইনপুটের সাথে না মেলে, তবে সমস্যা হতে পারে। বিশেষ করে, ফোন যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে আর আপনি যদি সস্তা কোনো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতে যান, তবে ব্যাটারি অতিরিক্ত হিট হয়ে কার্যক্ষমতা হারিয়ে ফেলে।

৩. Overheating

পাওয়ার ব্যাংক ব্যবহারের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো অতিরিক্ত তাপ। চার্জ হওয়ার সময় ফোন ও পাওয়ার ব্যাংক, দুটিই স্বাভাবিকভাবে কিছুটা গরম হয়। তবে এই সময় যদি গেম খেলেন, ভিডিও দেখেন বা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন, তাহলে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। অতিরিক্ত তাপ ব্যাটারির আয়ু কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে এর পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আর নিম্নমানের ডিভাইস বা ত্রুটিপূর্ণ ব্যাটারির ক্ষেত্রে অতিরিক্ত তাপ গুরুতর দুর্ঘটনার ঝুঁকিও বাড়াতে পারে।

৪. Cheap Charging Cables

আমরা অনেকেই পাওয়ার ব্যাংকটি ব্র্যান্ডের কিনলেও তার সাথে যে তারটি ব্যবহার করি, তা অত্যন্ত নিম্নমানের বা লোকাল হয়। একটি খারাপ মানের তার বিদ্যুত সরবরাহে বাধা সৃষ্টি করে এবং অতিরিক্ত রেজিস্ট্যান্স বা রোধ তৈরি করে। এর ফলে কেবল এবং ফোনের চার্জিং পোর্ট দুটোই অতিরিক্ত গরম হয়ে শর্ট-সার্কিট হওয়ার ঝুঁকি থাকে।

৫. Physical Damage of Power Bank

এই পয়েন্টটি আমরা অনেকেই স্কিপ করে যাই। পাওয়ার ব্যাংক যদি হাত থেকে শক্ত কোথাও পড়ে যায়, তবে ভেতরের লিথিয়াম ব্যাটারির সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা লিকেজ হতে পারে। এই ধরণের ক্ষতিগ্রস্ত বা ড্যামেজড পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দিলে তা ফোনের ব্যাটারি তো নষ্ট করবেই, সাথে সাথে সেটি একটি টাইম-বোমার মতো যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।

পাওয়ার ব্যাংক নিরাপদে ব্যবহারের কিছু গোল্ডেন রুলস

আপনার শখের ফোন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পাওয়ার ব্যাংক ব্যবহারের সময় এই নিয়মগুলো মেনে চলা জরুরি:

  • ব্র্যান্ডেড ডিভাইস ব্যবহার করুন: সার্টিফাইড এবং বিশ্বস্ত ব্র্যান্ডের পাওয়ারব্যাংক বেছে নিন। এগুলোতে ওভার-কারেন্ট, শর্ট-সার্কিট এবং ওভার-হিট প্রোটেকশন বিল্ট-ইন থাকে।
  • চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার একদম বন্ধ: যখন ফোন পাওয়ার ব্যাংকে কানেক্টেড থাকবে, তখন ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে ফোন ঠান্ডা থাকবে এবং ব্যাটারি হেলথ দীর্ঘস্থায়ী হবে।
  • সরাসরি সূর্যালোকে বা তাপে রাখবেন না: গাড়ি বা রোদের মধ্যে যেখানে তাপমাত্রা বেশি, সেখানে পাওয়ার ব্যাংক রেখে চার্জ দেবেন না। অতিরিক্ত গরম আবহাওয়া লিথিয়াম ব্যাটারির জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক।
  • ওভারচার্জিং এড়িয়ে চলুন: ভালো পাওয়ার ব্যাংকে অটো শাট-অফ থাকলেও, ফোন বা পাওয়ার ব্যাংক কোনোটিই সারারাত চার্জে ফেলে রাখা উচিত নয়। বিশেষ করে পাওয়ার ব্যাংকটিকে তার নিজস্ব সঠিক রেটিংয়ের চার্জার দিয়ে চার্জ দেওয়া উচিত।
  • অরিজিনাল ক্যাবল ব্যবহার করুন: পাওয়ার ব্যাংকের সাথে ফোনের চার্জারের নিজস্ব ক্যাবল বা ভালো মানের সার্টিফাইড চার্জিং কেবল ব্যবহার করুন।

পরিশেষ

Power Bank দিয়ে চার্জ করলে আপনার ফোনের ক্ষতি হবেনা যদি আপনি সঠিক এবং মানসম্মত ডিভাইসটি বেছে নিতে পারেন। সস্তা, লোকাল এবং নন-সার্টিফাইড পাওয়ার ব্যাংক ব্যবহার করলে কিংবা ড্যামেজড ডিভাইস দিয়ে চার্জ করলে ফোনের ব্যাটারি হেলথ তো কমবেই, সাথে বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকিও থেকে যায়। তাই ফোনের সুরক্ষায় এবং নিশ্চিন্ত থাকতে সবসময় একটি ভালো মানের পাওয়ার ব্যাংকে বিনিয়োগ করুন।

Similar Posts