ফোনের charging এর সময় overheating হলে কী করণীয়

ফোনের charging এর সময় overheating হলে কী করণীয় জেনে নিন

শখের ফোনটি চার্জে দিয়ে রেখেছেন, কিছুক্ষণ পর হাতে তুলে দেখলেন, গরম হয়ে আছে। একটু অস্বস্তি লাগলেও আপনি ভাবলেন এইটুক গরম হওয়া হয়তো স্বাভাবিক। সাধারণত, চার্জিংয়ের সময় ফোন একটু গরম হওয়া স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত গরম হওয়া, যেটাকে overheating বলা হয় তা কিন্তু ফোনের জন্য খুবই ক্ষতিকর। এটি আপনার ফোনের ভেতরে কোনো না কোনো সমস্যার সংকেত দেয় এবং নিয়মিত ওভারহিটিং হলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়, ফোনের পারফরম্যান্স কমে যায়, এমনকি বড় ক্ষতিও হতে পারে।  

তাই ফোনের charging এর সময় overheating হলে তখনই সতর্ক হওয়া প্রয়োজন। আজকের ব্লগে আমরা এই সমস্যার মূল কারণ এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

চার্জিংয়ের সময় ফোন গরম হওয়া কি স্বাভাবিক?

চার্জিংয়ের সময় ফোন সামান্য উষ্ণ হওয়া পুরোপুরি স্বাভাবিক। যখন বিদ্যুৎ ব্যাটারিতে জমা হয়, তখন কিছু শক্তি তাপ হিসেবে নির্গত হয়। বিশেষ করে আধুনিক ‘ফাস্ট চার্জিং’ প্রযুক্তিতে অনেক বেশি বিদ্যুৎ দ্রুত প্রবাহিত হয়, যার ফলে তাপ কিছুটা বেশি উৎপন্ন হতে পারে। তবে এই তাপ যদি আপনার হাতের তালুকে অস্বস্তিতে ফেলে, তবে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা হচ্ছে।

ফোন চার্জিংয়ের সময় অতিরিক্ত গরম হওয়ার প্রধান কারণসমূহ

সমস্যা সমাধানের আগে কারণগুলো জানা জরুরি। সাধারণত নিচের কারণগুলোর জন্য ফোন চার্জে থাকা অবস্থায় ওভারহিটিং সমস্যা দেখা দেয়-

১. নিম্নমানের বা নকল চার্জার ব্যবহার 

আমরা অনেক সময় টাকা বাঁচাতে গিয়ে ফুটপাত বা আনঅথরাইজড দোকান থেকে সস্তা চার্জার বা চার্জিং ক্যাবল কিনে ফেলি। এই চার্জারগুলোতে সঠিক ভোল্টেজ কন্ট্রোল বা চিপসেট থাকে না। ফলে এগুলো ফোনে অনিয়ন্ত্রিত চার্জ ৎ পাঠায়, যা ব্যাটারিকে দ্রুত উত্তপ্ত করে তোলে।

২. ফাস্ট চার্জিং প্রযুক্তি

আপনার ফোন যদি ৬০ ওয়াট বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে স্বাভাবিকভাবেই এটি সাধারণ ফোনের চেয়ে বেশি গরম হবে। দ্রুত চার্জ করার সময় ব্যাটারির কেমিক্যাল রিঅ্যাকশন অনেক ফাস্ট হয়, যা তাপের সৃষ্টি করে।

৩. মোটা ব্যাক কভার বা কেসিং

ফোনের বডি সাধারণত তাপ বিকিরণ করার জন্য ডিজাইন করা হয়। কিন্তু আমরা ফোনে যে মোটা বা সিলিকনের কভার ব্যবহার করি, সেটি চার্জের সময় তাপকে ভেতরে আটকে রাখে। ফলে ফোন চার্জ হওয়ার সময় উৎপন্ন তাপ বাইরে বের হতে পারে না এবং ফোন গরম হয়ে যায়।

৪. ব্যাকগ্রাউন্ডে হেভি অ্যাপ চালানো

ফোন চার্জে দিয়ে যদি আপনি গেম খেলেন, ভিডিও এডিট করেন বা হাই-রেজলিউশন ভিডিও দেখেন, তবে প্রসেসর ও ব্যাটারি উভয়ই একসাথে কাজ করে। এতে দ্বিগুণ তাপ উৎপন্ন হয় যা ফোন হ্যান্ডেল করতে পারে না। 

৫. সফটওয়্যার বাগ বা পুরনো অপারেটিং সিস্টেম

কখনও কখনও ফোনের সফটওয়্যারে কোনো ‘বাগ’ (Bug) থাকলে তা প্রসেসরকে অকারণে বিজি রাখে। এর ফলে চার্জিংয়ের সময় ফোনের সিস্টেম লোড বেড়ে যায় এবং ফোন দ্রুত হিট হতে শুরু করে।

৬. ফোন ১০০% হওয়ার পরেও চার্জে রেখে দেওয়া

রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে চার্জার আনপ্লাগ করা, এই অভ্যাস প্রায় সবারই আছে। যদিও নতুন নতুন প্রযুক্তি আসায় এটিকে সেইফ মনে করা হয় কিন্তু অনেকসময় এটির কারণে ওভারহিটিং সমস্যা হয়। অনেক পুরনো ডিভাইস বা নিম্নমানের চার্জার ব্যাটারি পূর্ণ হওয়ার পরেও পাওয়ার সাপ্লাই চালু রাখে। এর ফলে ওভারহিটিং সমস্যা হয়। 

৭. পুরনো ব্যাটারি

ব্যাটারি একটা নির্দিষ্ট চার্জ সাইকেলের পরে দুর্বল হয়ে যায়। পুরনো বা ক্ষয়প্রাপ্ত ব্যাটারি চার্জ নিতে গেলে বেশি তাপ তৈরি হয়। আপনার ফোন যদি দুই-তিন বছরের পুরনো হয় এবং চার্জিংয়ে বেশি গরম হয়, ব্যাটারি দুর্বল হতে পারে।

 

Overheating হলে কী ক্ষতি হয়?

অনেকেই মনে করেন ফোন গরম হওয়া খুব গুরুতর বিষয় না। কিন্তু বারবার overheating হলে ফোনের উপর যে প্রভাব পড়ে সেটা ধীরে ধীরে গুরুতর হয়ে যায়। 

 

ব্যাটারির স্থায়ী ক্ষতি: অতিরিক্ত তাপ ব্যাটারির ক্যাপাসিটি কমিয়ে দেয়। নিয়মিত ওভারহিটিং ধীরে ধীরে ব্যাটারী ডেড করে ফেলে।

 

চার্জিং ধীর হয়ে যায়: গরম অবস্থায় ফোন নিজেই চার্জিং স্পিড কমিয়ে দেয় সুরক্ষার জন্য। ফলে চার্জ হতে অনেক বেশি সময় লাগে।

 

ফোনের ভেতরের পার্টস নষ্ট হয়: CPU, GPU সহ ফোনের ছোট ছোট কম্পোনেন্টগুলো অতিরিক্ত তাপে দ্রুত ক্ষয় হয়। এতে ফোনের আয়ু কমে যায়।

 

পারফরম্যান্স কমে যায়: ফোন অতিরিক্ত গরম হলে প্রসেসর তার স্পিড কমিয়ে দেয়, এটি Thermal Throttling হিসেবে পরিচিত। এতে ফোন হ্যাং করে, অ্যাপ বন্ধ হয়ে যায়। 

ফোনের Overheating রোধে আপনার যা করণীয় 

ফোন যদি অতিরিক্ত গরম হতে শুরু করে, তবে আতঙ্কিত না হয়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন:

১. চার্জিং বন্ধ করুন এবং কিছুক্ষণ বিশ্রাম দিন

ফোন অতিরিক্ত গরম হলে প্রথম কাজ হলো চার্জার থেকে ফোনটি বিচ্ছিন্ন করা। ফোনটি একটি ঠান্ডা এবং সমতল স্থানে রাখুন। যতক্ষণ না তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ ফোনটি পুনরায় চার্জে দেবেন না।

২. ফোনের ব্যাক কভার খুলে ফেলুন

চার্জিংয়ের সময় উৎপন্ন তাপ বের করে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ফোনের কেসিং বা কভারটি সরিয়ে ফেলা। এতে ফোনের বডি সরাসরি বাতাসের সংস্পর্শে আসে এবং দ্রুত ঠান্ডা হয়।

৩. হেভি অ্যাপ চালানো বা গেমিং থেকে বিরত থাকুন

অনেকেরই অভ্যাস আছে ফোন চার্জে দিয়ে অনলাইন গেম খেলা। এটি ফোনের ব্যাটারির জন্য ‘সুইসাইডাল’ হতে পারে। চার্জিংয়ের সময় ফোনের প্রসেসরকে বিশ্রাম দিন। প্রয়োজনে চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা একদম বন্ধ রাখুন। 

৪. সঠিক বা অরিজিনাল এক্সেসরিজ ব্যবহার করুন

সবসময় চেষ্টা করুন ফোনের সাথে দেওয়া অরিজিনাল চার্জার এবং ক্যাবল ব্যবহার করতে। যদি অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যায়, তবে নামী ব্র্যান্ডের (যেমন- Anker, Ugreen) মানসম্মত চার্জার কিনুন যা আপনার ফোনের ভোল্টেজের সাথে সামঞ্জস্যপূর্ণ।

৫. রোদে বা গরম স্থানে চার্জ দেবেন না

সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় বা জানালার পাশে ফোন চার্জে দেবেন না। এছাড়া বিছানা বা বালিশের ওপর ফোন রেখে চার্জ দেওয়া উচিত নয়, কারণ কাপড় তাপ শোষণ করে এবং ফোনকে আরও গরম করে তোলে। সবসময় শক্ত ও ঠান্ডা মেঝে বা টেবিলের ওপর রেখে ফোন চার্জ দিন।

ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কিছু প্রো-টিপস

ফোনের ওভারহিটিং সমস্যা কেবল সাময়িকভাবে সমাধান করলেই হবে না, বরং ব্যাটারির হেলথ ভালো রাখতে কিছু টিপস ফলো করতে পারেন- 

অ্যারোপ্লেন মোড অন রাখুন: যদি আপনার খুব দ্রুত চার্জের প্রয়োজন হয় এবং ফোন গরম হওয়ার প্রবণতা থাকে, তবে চার্জিংয়ের সময় অ্যারোপ্লেন মোড অন করে দিন। এতে ফোনের নেটওয়ার্ক সার্চিং বন্ধ থাকে এবং প্রসেসরের ওপর চাপ কমে।

সফটওয়্যার আপডেট দিন: আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলো সবসময় আপডেট রাখুন। অনেক সময় লেটেস্ট আপডেট ব্যাটারি অপ্টিমাইজেশন এবং ওভারহিটিং ইস্যু ফিক্স করে দেয়।

২০-৮০ নিয়ম মেনে চলুন: ফোন একদম ০% পর্যন্ত ব্যবহার করবেন না এবং ১০০% ফুল চার্জ দেওয়ারও প্রয়োজন নেই। ব্যাটারি ২০% এ নামলে চার্জে দিন এবং ৮০-৮৫% হয়ে গেলে খুলে ফেলুন। এতে ব্যাটারির লাইফ সাইকেল ভালো থাকে এবং অতিরিক্ত গরম হওয়া কমে।

iPhone ব্যবহারকারীদের জন্য: Settings > Battery > Battery Health-এ গিয়ে “Optimised Battery Charging” চালু রাখুন। এতে ব্যাটারির উপর চাপ অনেক কমে।

অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখুন: চার্জিংয়ের সময় ওয়াইফাই, ব্লুটুথ এবং লোকেশন (GPS) বন্ধ রাখলে ফোন-এর উপর প্রেসার কম পরে। 

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার সীমিত রাখুন: চার্জ চলাকালীন গেমস বা ভিডিও এডিটিং টাইপের ভারী কাজ থেকে বিরত থাকুন।

কখন বুঝবেন হার্ডওয়্যারের সমস্যার কারণে ফোন ওভারহিটিং হচ্ছে?

সব নিয়ম মেনে চলার পরেও যদি আপনার ফোন নিয়মিত অস্বাভাবিক গরম হয় এবং চার্জ দ্রুত শেষ হয়ে যায়, তবে বুঝতে হবে ব্যাটারি বা চার্জিং পোর্টে সমস্যা আছে। এক্ষেত্রে কোনো প্রফেশনাল সার্ভিস সেন্টার থেকে ফোনটি চেক করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অনেক সময় ব্যাটারি ফুলে গেলে বা ইন্টারনাল শর্ট-সার্কিট থাকলেও এই সমস্যা হতে পারে। 

পরিশেষ

ফোন চার্জের সময় অনেক বেশি গরম হওয়া উপেক্ষা করার মতো বিষয় নয়। সঠিক চার্জার ব্যবহার, অতিরিক্ত চার্জিং এড়ানো আর কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনেই বেশিরভাগ সমস্যা সমাধান হয়ে যায়। আজ থেকেই এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখুন, আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। মনে রাখবেন, স্মার্টফোন ওভারহিটিং কেবল একটি যান্ত্রিক ত্রুটি নয়, এটি আপনার ডিভাইসকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে।

Similar Posts