ফোনের ক্যামেরা লেন্স পরিষ্কার করার সহজ উপায়

ফোনের ক্যামেরা লেন্স পরিষ্কার করার সহজ উপায়

আপনার প্রিয় একটি মুহূর্ত ছবির ফ্রেমে বন্দি করতে চাইলেন। ফোন বের করলেন, ক্লিক করলেন, কিন্তু ছবি ঘোলা, ব্লারি আর ডিটেইল নেই বললেই চলে। অথচ ফোনে আছে শক্তিশালী ক্যামেরা। তাহলে সমস্যা কোথায়?

বেশিরভাগ সময় আসল সমস্যাটা থাকে ক্যামেরার লেন্সে জমে থাকা ধুলো, ময়লা আর আঙুলের দাগে। সারাদিন ফোন পকেটে থাকে, হাতে ঘোরে, টেবিলে পড়ে থাকে। আর এই পুরো সময় লেন্সের ওপর অজান্তেই জমতে থাকে সূক্ষ্ম ময়লা, যা খালি চোখে ধরা না পড়লেও ছবির কোয়ালিটি পুরো নষ্ট করে দেয়।

সমস্যা হলো, পরিষ্কার করতে গিয়েও অনেকে ভুল করেন। শার্টের কোণ, টিস্যু, যা হাতের কাছে পান তাই দিয়ে পরিষ্কার করেন আর এতে লেন্সে স্ক্র্যাচ পড়ার ঝুঁকি বেড়ে যায়। 

কিন্তু আপনি ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে নিরাপদভাবে ফোনের ক্যামেরা লেন্স পরিষ্কার করতে পারেন, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।

চলুন এবার জেনে নেওয়া যাক, কীভাবে সহজে ও নিরাপদে ফোনের ক্যামেরা লেন্স পরিষ্কার করবেন।

ফোনের ক্যামেরা লেন্স পরিষ্কার করার উপায়

খুব সহজ কিছু উপায়ে আপনি ফোনের লেন্স পরিষ্কার রাখতে পারবেন । নিচে কার্যকর কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো : 

মাইক্রোফাইবার কাপড়

এটা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকর উপায়। অপটিক্যাল বা ক্যামেরার দোকানে এই কাপড় পাওয়া যায়। দেখতে একটু মসৃণ, ছোট ছোট সুতার বুনুনি, এই কাপড় ধুলা আর তেলের দাগ দুটোই একসাথে তুলে ফেলতে পারে।

পরিষ্কার করার আগে লেন্সের উপর মুখ থেকে হালকা ভাপ দিন। ঠিক যেভাবে চশমার কাচে ফুঁ দিলে হালকা ঘোলা হয়ে যায়, ঠিক সেভাবে। এতে জমে থাকা ময়লাটা একটু নরম হয়। এরপর মাইক্রোফাইবার কাপড় লেন্সের উপর রেখে আস্তে চাপ দিয়ে ধীরে ধীরে বৃত্তাকারে মুছে দিন।

কোণাগুলো পরিষ্কার করতে কাপড়টাকে ত্রিভুজ আকারে ভাঁজ করে নিন। এতে ছোট কোণায়ও ঢুকতে পারবে সহজে।

লেন্স পেন

এটা দেখতে একটা কলমের মতো, কিন্তু কাজ করে ক্যামেরার লেন্স পরিষ্কারে। এক মাথায় নরম ব্রাশ, আরেক মাথায় বিশেষ ক্লিনিং প্যাড থাকে। সার্ভিস সেন্টারে সাধারণত এটাই ব্যবহার হয়। অনলাইনে বা ক্যামেরার দোকানে পেয়ে যাবেন। সূক্ষ্ম ময়লা তোলার জন্য এটা বেশ ভালো কাজ করে।

নরম ব্রাশ বা ব্লোয়ার

লেন্সের কোণায় বা ক্যামেরার চারপাশের ফাঁকে ধুলা জমলে সেটা সরাতে নরম ব্রাশ বা ছোট ব্লোয়ার ব্যবহার করতে পারেন। ব্লোয়ার দিয়ে বাতাসের চাপে ধুলা পরিষ্কার হয়ে যায়।

ফ্ল্যাশে পরিষ্কার করা

লেন্স পরিষ্কার করার সময় বেশিরভাগ মানুষ ভুলে যায় ফ্ল্যাশের কথা। লেন্সের ঠিক পাশেই থাকে, একই ভাবে ধুলা জমে। রাতে বা কম আলোতে তোলা ছবিতে ফ্ল্যাশ ঠিকমতো কাজ না করলে পুরো ছবিটাই অন্ধকার আসে। তাই লেন্  পরিষ্কার করার সময় ফ্ল্যাশের কাচটাও একই কাপড়ে একবার মুছে নিলে ভালো হয়। 

ফোনের ক্যামেরা লেন্স যা দিয়ে পরিষ্কার করবেন না

ভুল জিনিস দিয়ে লেন্স পরিষ্কার হয় না, বরং স্ক্র্যাচ পড়ে,  আর সেটা কোনো সফটওয়্যার ঠিক করতে পারে না। তাই পরিষ্কার করার আগে জেনে নিন, কোন জিনিসগুলো লেন্স পরিষ্কার করতে ব্যবহার করলে আরও ক্ষতি হবে। 

  • টিস্যু বা ন্যাপকিন — নরম মনে হলেও এগুলো লেন্সের উপর সূক্ষ্ম আঁচড় ফেলে দিতে পারে। একবার স্ক্র্যাচ পড়লে সেটা আর ঠিক হয় না।
  • জামার হাতা বা সাধারণ কাপড় — এগুলো দিয়ে মুছলে ময়লা সরে না, বরং আরও ছড়িয়ে যায়। আর কাপড়ে থাকা ছোট ধুলার কণা লেন্সে আঁচড় দিতে পারে।
  • সরাসরি পানি বা অ্যালকোহল — লেন্সের উপর সরাসরি কোনো তরল দেওয়া উচিত না। পানি ঢুকে গেলে ভেতরে জলীয় বাষ্প জমতে পারে, আর অ্যালকোহল লেন্সের আবরণ নষ্ট করে দিতে পারে।
  • আঙুল দিয়ে মোছা — এটা সবচেয়ে বেশি মানুষ করে এবং সবচেয়ে বেশি ভুল। আঙুলের তেল লেন্সে আরও বেশি দাগ ফেলে।

লেন্স ভালো রাখার উপায়

লেন্স পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু যত্ন নেওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিছু ছোট অভ্যাস বদলালে লেন্স অনেকদিন ভালো থাকবে।

ফোন কেস ব্যবহার করলে ক্যামেরার চারপাশে একটু সুরক্ষা থাকে। আর যদি ফোন কেস পছন্দ না হয়, তাহলে আলাদা লেন্স প্রটেক্টর কিনতে পারেন, এটা শুধু ক্যামেরার উপরে লাগানো থাকে। স্ক্র্যাচ থেকে বাঁচায়, ধুলাও কম জমে।

পকেটে ফোন রাখলে চেষ্টা করো ক্যামেরা উপরের দিকে থাকুক, মাটির দিকে না। এতে ধুলা কম লাগে। 

উপসংহার

ভালো ছবি তুলতে শুধু ক্যামেরা নয়, পরিষ্কার লেন্সও খুব জরুরি, আর লেন্স পরিষ্কার না থাকলে সব মেগাপিক্সেলই বৃথা। লেন্স পরিষ্কার রাখা আসলে কোনো বড় কাজ না। সপ্তাহে একবার মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিলেও যথেষ্ট। ছোট্ট এই অভ্যাসই আপনার ছবিতে এনে দিতে পারে দারুণ পরিবর্তন। 

আপনি যদি অভিজ্ঞ কোনো টেকনিশিয়ানের সহায়তায় ফোনের লেন্স ঠিক করাতে চান, তাহলে AG Care এ একবার ভিজিট করতে পারেন। 

 

সাধারণ প্রশ্নাবলি

১. ফোনের ক্যামেরা লেন্স কতদিন পরপর পরিষ্কার করা উচিত? 

সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা ভালো। তবে যদি নিয়মিত পকেটে রাখো বা বাইরে বেশি ব্যবহার করো, তাহলে প্রতিদিন একবার মুছে নিলেই যথেষ্ট।

২. মাইক্রোফাইবার কাপড় না থাকলে কী ব্যবহার করা যাবে? 

সাময়িকভাবে চশমা মোছার কাপড় ব্যবহার করা যেতে পারে। তবে টিস্যু, শার্টের কাপড় বা রুমাল এগুলো একদমই না। এতে লেন্সে সূক্ষ্ম স্ক্র্যাচ পড়ে যায়।

৩. লেন্স পরিষ্কার করার পরেও ছবি ঝাপসা আসলে কী করব?

তাহলে সমস্যাটা লেন্সের বাইরে না, ভেতরে। ক্যামেরার সেটিংস একবার চেক করো। তারপরেও সমস্যা থাকলে অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়াই ভালো।

Similar Posts